
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে আটক স্ত্রী মমতা বেগম (২৫)। এমনকি তাঁদের শিশুসন্তানকেও হত্যার হুমকি দেওয়া হতো বলে দাবি করেছেন তিনি। এসব নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্বামীকে পাথরের শিল দিয়ে আঘাত করার কথা আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন মমতা। শনিবার বিকেলে হবিগঞ্জের আদালতে জবানবন্দি গ্রহণ শেষে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মমতা বেগমকে হবিগঞ্জের প্রথম শ্রেণির বিচারিক ম্যাজিস্ট্রেট তামান্না রহমান তানিয়ার আদালতে হাজির করেন। সেখানে জবানবন্দিতে মমতা দাবি করেন, বিয়ের পর থেকেই স্বামী মামুন মিয়া তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যেত। এমনকি তাঁদের শিশুসন্তানকেও হত্যার হুমকি দেওয়া হতো। এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে তিনি স্বামীকে পাথরের শিল দিয়ে আঘাত করেন। পরে বাড়ি থেকে পালিয়ে যান।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জবানবন্দিতে মমতা উল্লেখ করেন, স্বামী মামুন মিয়া (৩২) ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে পাথরের শিল দিয়ে চারটি আঘাত করেন তিনি।
অন্যদিকে, মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার দিন মমতা তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে দেন। একপর্যায়ে মামুন ঘুমিয়ে পড়লে পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করেন মমতা।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।
ঘটনার পর মমতা বেগম পালিয়ে গেলেও শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ।
আহত মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। মমতা বেগম মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাঁদের বিয়ে হয়। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মমতা বেগম আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বাংলার খবর ডেস্ক : 























