
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের লাখাই উপজেলার করাব এলাকার বেকিটাকা ব্রিজের এক লেন বন্ধ করে ধান শুকানোর অভিযোগ উঠেছে। ব্যস্ততম এই সড়কে ধান শুকানোর কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে যেকোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ ও ১৫ নভেম্বরসহ নিয়মিতভাবে ব্রিজের অর্ধেক অংশজুড়ে ধান শুকানো হচ্ছে। ধানের ওপর দিয়ে যাতে কোনো যানবাহন চলাচল করতে না পারে, সে জন্য সড়কের ওপর ইট ও কলাগাছের খণ্ড দিয়ে প্রতিবন্ধকতাও তৈরি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একজনের ব্যক্তিগত সুবিধার জন্য ব্যস্ততম সড়কের একটি অংশ এভাবে দখল করে রাখা হলেও কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। তাঁদের প্রশ্ন, সড়কটি যানবাহন চলাচলের জন্য, নাকি ধান শুকানোর খলা?
এ বিষয়ে বক্তব্য জানতে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি তাঁর সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠিয়ে জানানো হয়েছে।
যাতায়াতকারী ও সচেতন মহলের আশঙ্কা, জনগুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে এভাবে ধান শুকানো এবং প্রতিবন্ধকতা তৈরি করে রাখার কারণে যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্রিজ থেকে ধান ও অবৈধ প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
বাংলার খবর ডেস্ক : 



















