
বাংলার খবর ডেস্ক:
তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সহিংসতার অপচেষ্টা প্রতিরোধে গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া, ফতুল্লা, বিসিক ও কাঁচপুর এলাকায় দায়িত্ব পালন করছেন আরও ৪ প্লাটুন সদস্য।
মাঠপর্যায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আনসার বাহিনীর কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্টরা সার্বিক পরিস্থিতি তদারকি করছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার বাহিনীর সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার ফলে শিল্পাঞ্চলে জনমনে স্বস্তি ফিরেছে। শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেওয়ায় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম নির্বিঘ্নে চলছে।
বাংলার খবর ডেস্ক : 



















