
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের হাইমচর ও চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সন্ধ্যায় সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি হাইমচর উপজেলা সদরের আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানানো হয়।
মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগের স্মারক স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, শুক্রবার দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার প্রতিবাদে হাইমচরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে সংগঠনটির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
বাংলার খবর ডেস্ক : 



















