
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নম্বর উত্তর আলগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় তাঁর নিজ বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অলিউল্লাহ পাটওয়ারী এবং সঞ্চালনা করেন মাওলানা মো. আবদুল হান্নান বেপারী।
বৈঠকে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, জননিরাপত্তা, মাদক প্রতিরোধ এবং তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার বিষয়ে আলোচনা হয়।
বক্তব্যে মেম্বার পদপ্রার্থী আবদুর রহমান পাটওয়ারী বলেন, “আমি এমন একটি ওয়ার্ড গড়ে তুলতে চাই, যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকবে এবং কোনো পরিবার অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত হবে না। মাদক একজন মানুষের পাশাপাশি একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।”
তিনি আরও বলেন, “এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকেও খেয়াল রাখতে হবে।”
তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা এবং ওয়ার্ডের প্রয়োজনীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে বক্তারা মাদক ও অপরাধ প্রতিরোধে পরিবার, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও তরুণদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মাদক ও অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ ওয়ার্ড গঠনে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।
বাংলার খবর ডেস্ক : 



















