
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ট্রাকের চাপায় জালাল মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে মহাসড়কের অলিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি উত্তর গ্রামের গুনিহাটি এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মোড়াকরি এলাকা থেকে পারিবারিক একটি অনুষ্ঠানে (সুন্নতে খতনা) যোগ দিতে মোটরসাইকেল নিয়ে অলিপুরের উদ্দেশে রওনা হন জালাল মিয়া। পথে মহাসড়কের অলিপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইমরুল সাহেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই সেখানে নিহতের মরদেহ বা স্বজনদের কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান তিনি।
জালাল মিয়ার আকস্মিক মৃত্যুর খবরে লাখাইয়ের মোড়াকরি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোক ও আহাজারি চলছে।
বাংলার খবর ডেস্ক : 




















