
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের কৃষক পরিবারের সন্তান আশেক মিয়া বিসিএস পরীক্ষায় গণিত বিষয়ে শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত হয়েছেন। তাঁর এ অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
১৯৯৯ সালে জন্ম নেওয়া আশেক মিয়ার বাবা সাইফুর রহমান একজন কৃষক। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমকে সঙ্গী করে শিক্ষাজীবনে এগিয়ে যান তিনি।
আশেক মিয়া ২০১৫ সালে গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
শিক্ষাজীবনের পাশাপাশি কর্মজীবনেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আশেক। বর্তমানে তিনি চট্টগ্রামের লোহাগাড়া কার্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এরই মধ্যে বিসিএস পরীক্ষায় গণিত বিষয়ে শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত হওয়ার মধ্য দিয়ে তাঁর দীর্ঘদিনের পরিশ্রমের আরেকটি স্বীকৃতি মিলেছে।
এলাকাবাসীর ভাষ্য, বরুড়ার কৃষক পরিবারের সন্তান আশেক মিয়ার এই সাফল্য শুধু তাঁর পরিবারের জন্য নয়, চৌমুহনী ইউনিয়নের তরুণ শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার। সীমিত সুযোগের মধ্যেও মেধা, পরিশ্রম ও দৃঢ় সংকল্প থাকলে সাফল্য অর্জন করা সম্ভব—আশেক মিয়ার পথচলা তারই উদাহরণ।
বাংলার খবর ডেস্ক : 









