
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হোসাইন ও সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন বাহার।
বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ দাবি করেন, সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি হাইমচর উপজেলায় জামায়াতে ইসলামীকে কোথাও সভা-সমাবেশ করতে না দেওয়ার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
জামায়াত নেতারা বলেন, কোনো রাজনৈতিক দলকে সভা-সমাবেশ করতে না দেওয়ার আহ্বান রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের বক্তব্য ভবিষ্যতে হাইমচরের রাজনৈতিক পরিবেশে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও তারা উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের গণআন্দোলনে বিএনপি ও জামায়াত জনগণের সঙ্গে থেকে তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছে। ওই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে হাইমচরে রাজনৈতিক সহাবস্থান, শান্তিপূর্ণ পরিবেশ ও সুশৃঙ্খল রাজনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করা প্রয়োজন।
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সব দলের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান জামায়াত নেতৃবৃন্দ।
বাংলার খবর ডেস্ক : 



















