
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন হাইমচর। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলমের সঙ্গে সংগঠনটির সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিডি ক্লিন হাইমচরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে হাইমচর থানা কমপ্লেক্স ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে থানা কমপ্লেক্সের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা ও অপচনশীল বর্জ্য পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর মশার প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অভিযান শেষে ওসি মো. শাহ আলমের সঙ্গে বিডি ক্লিনের সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং থানা কমপ্লেক্সসহ আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময়ে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন হাইমচরের উপজেলা সমন্বয়ক মোহাম্মদ এনামুল হক, আইটি সমন্বয়ক, উপজেলা লজিস্টিক সমন্বয়ক, চাঁদপুর জেলা বিডি ক্লিনের উপ-সমন্বয়ক সিয়াম আহমেদসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক।
বিডি ক্লিনের সদস্যরা জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 



















