
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:** পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তারিখ নিয়ে হবিগঞ্জের মাধবপুরে বিভ্রান্তি দেখা দিয়েছে। ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকার একটি সংস্করণে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছুটির কথা উল্লেখ থাকলেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বছর ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে ২৩ সেপ্টেম্বর বুধবার। ফলে কোন দিন ছুটি কার্যকর হবে, তা নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা দ্বিধায় পড়েছেন।
১২ সেপ্টেম্বর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জানানো হয়, ১৩ সেপ্টেম্বর থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে এবং ২৩ সেপ্টেম্বর বুধবার ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
এদিকে প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকার একটি নথিতে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি দেখানো হয়েছে। এ কারণে ছুটির তারিখ পরিবর্তন নিয়ে সরকারি নির্দেশনা বা প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছেন মাধবপুরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান।
একাধিক প্রতিষ্ঠান প্রধান জানান, তাঁদের কাছে ছুটির তারিখ পরিবর্তনসংক্রান্ত কোনো প্রজ্ঞাপন বা লিখিত নির্দেশনা না থাকায় তাঁরা বর্ষপঞ্জিতে থাকা তারিখ অনুসরণ করতে চান। তবে মঙ্গলবার পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার জন্য অপেক্ষা করে এরপর ছুটির নোটিশ জারি করার কথা জানিয়েছেন তাঁরা।
মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা কোনো প্রজ্ঞাপন পাইনি। কাজেই বর্ষপঞ্জিতে যেভাবে আছে, সেভাবেই ছুটি পালন করবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।”
তবে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা উদ্ধৃত করে বলা হচ্ছে, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৩ সেপ্টেম্বর বুধবার। একই সঙ্গে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে নিয়মিত শিক্ষা কার্যক্রম চলবে বলেও উল্লেখ করা হয়েছে।
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সাধারণ সরকারি ছুটি নেই। এ ছুটি মূলত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। ফলে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি অফিস-আদালতের স্বাভাবিক কার্যক্রম এ ছুটির কারণে বন্ধ হওয়ার কথা নয়।
এদিকে ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ২৩ সেপ্টেম্বর ছুটি কার্যকর হলে শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী কার্যদিবস হবে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার। ছুটির তারিখ নিয়ে চূড়ান্ত সরকারি নির্দেশনা দ্রুত জারি না হলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি আরও বাড়তে পারে।
বাংলার খবর ডেস্ক : 




















