
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, বিএনপি একটি জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল। সরকারি অনুদান বিতরণ ও উন্নয়ন কর্মকাণ্ডসহ কোনো সরকারি কাজে দুর্নীতির সুযোগ নেই। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অন্যায় বা অনিয়ম করলে তার দায় বিএনপি নেবে না। দলীয় পরিচয়ের আড়ালে অপরাধ করলেও তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
রোববার সকালে মাধবপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মো. ফয়সল বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। সার নিয়ে যাতে কেউ অপরাজনীতি বা অনিয়ম করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ সার কালোবাজারির সঙ্গে জড়িত হলে তার লাইসেন্স বাতিল করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে দলীয় কেউ জড়িত থাকলেও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
তিনি বলেন, বিএনপিতে চাঁদাবাজি, অন্যায় ও জুলুমের কোনো স্থান নেই। বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায়-অনিয়ম করলে দল তার দায় নেবে না। তিনি সবাইকে সততা, দায়িত্বশীলতা ও আইন মেনে কাজ করার আহ্বান জানান।
এমপি ফয়সল আরও বলেন, বিগত সরকার দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে বলে তিনি দাবি করেন।
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে ছেলেমেয়েদের সচেতন করতে হবে। মাদকের কারণে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় সরকার সহায়তা দিচ্ছে বলেও উল্লেখ করেন সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলাউদ্দিন আল রনি।
এতে বক্তব্য দেন সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ, ইউপি চেয়ারম্যান মীর খুর্শেদ আলম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহসভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীসহ অনেকে।
বাংলার খবর ডেস্ক : 



















