
বাংলার খবর ডেস্ক: সিরাজগঞ্জ শহরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গ্যাস রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসভবনের গেটের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে সিরাজগঞ্জে ব্যাপক বজ্রপাত হচ্ছিল। এ সময় মন্ত্রীর বাসভবনের সামনের গ্যাস রাইজারের কাছে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। বিষয়টি জানাজানি হলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, বাড়ির গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বাংলার খবর ডেস্ক : 




















