
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা চৌধুরীপাড়া এলাকার একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে পুরো রাস্তা কাদাময় ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। তবে রাস্তার করুণ অবস্থার কারণে বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কাদা ও গর্তের কারণে পথচারীদের পাশাপাশি মোটরসাইকেল, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা শিহাব উদ্দিন সিশতী জানান, কৃষিপ্রধান এ এলাকার মানুষ তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে প্রায়ই নানা সমস্যার সম্মুখীন হন। এছাড়া কোনো অসুস্থ রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনের যাতায়াত এলাকাবাসীর জন্য দুর্ভোগের নামান্তর হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলবেন।
এ বিষয়ে উপজেলা সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সোহেল রানা জানান, রাস্তাটির বেহাল অবস্থার বিষয়ে তিনি অবগত আছেন।রাস্তাটি সংষ্কারের বিষয়ে স্থানীয় মন্ত্রনালায়ে আবেদন পাটিয়েছেন।
বাংলার খবর ডেস্ক : 



















