
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিমাধবপুরকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে মাধবপুর মানবিক ফাউন্ডেশন। উদ্যোক্তা মো. কামরুল খানের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ইতোমধ্যে বেশ কিছু বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, নির্মল বাতাস নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শুধু গাছ লাগানো নয়, ভবিষ্যতে এসব গাছের পরিচর্যা ও সবুজায়ন কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
এই সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি মাধবপুরের পরিবেশকে আরও সমৃদ্ধ ও সবুজ করে তুলতে এ উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তালবীজ উপহার দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
উদ্যোক্তারা মনে করছেন, প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মাধবপুরকে একটি সবুজ ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
মাধবপুর মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদেরও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তাঁদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগে মাধবপুর একদিন সবুজে ঘেরা, নির্মল ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি উপজেলায় পরিণত হবে।
বাংলার খবর ডেস্ক : 



















