
হামিদুর রহমান, বাংলার খবর মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক টানাপোড়েনের মধ্যে স্ত্রীর জন্য মোবাইল ফোন কেনার পর আব্দুর রহিম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ভোররাতে মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম ওই এলাকার বাসিন্দা আবুল বাশারের ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে কিছুদিন ধরে আব্দুর রহিমের পারিবারিক জীবনে মনোমালিন্য ও টানাপোড়েন চলছিল। স্বজনদের দাবি, এসব বিষয় নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
মঙ্গলবার রাতে তিনি একটি মোবাইল ফোন কিনে স্ত্রীকে দেন। পরে বুধবার ভোররাতের কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে পারিবারিক টানাপোড়েনের বিষয়টি জানা গেছে। স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে পারিবারিক মনোমালিন্য চলছিল বলে স্বজনরা জানিয়েছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বাংলার খবর ডেস্ক : 



















