
জালাল উদ্দিন লস্কর,স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম। পর্যাপ্ত জনবল না থাকায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের পরিবার পরিকল্পনা কার্যক্রমের যথাযথ তদারকি ও মনিটরিং করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, ২০২১ সালে তৎকালীন পরিবার কল্যাণ পরিদর্শিকা শান্তি রানী পাল কেন্দ্রের এক আয়ার সঙ্গে হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়েন। পরে কর্তৃপক্ষ তাকে বালাগঞ্জে বদলি করে। এরপর থেকে ছাতিয়াইন ইউনিয়ন উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ পরিদর্শিকার পদটি শূন্য রয়েছে।
বর্তমানে নোয়াপাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা শিখা রাণী বণিককে কর্তৃপক্ষের নির্দেশে সপ্তাহে একদিন ছাতিয়াইন ইউনিয়ন কেন্দ্রে দায়িত্ব পালন করতে হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, সপ্তাহে মাত্র একদিন দায়িত্ব পালনের মাধ্যমে একটি বৃহৎ ইউনিয়নের পরিবার পরিকল্পনা কার্যক্রমের সার্বিক তদারকি ও নিয়মিত মনিটরিং করা কঠিন।
এদিকে সম্প্রতি ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর কমিউনিটি ক্লিনিকে কর্মরত পরিবার পরিকল্পনা সহকারী শিপ্রা রায় অবসরে যাওয়ায় সেখানেও জনবল সংকট তৈরি হয়েছে। তার স্থলে এখনো কাউকে পদায়ন না করায় ওই কমিউনিটির পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন শূন্য থাকায় পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে পরামর্শসহ প্রয়োজনীয় সেবা পেতে ইউনিয়নের সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত গ্রামের নারীদের কাছে নিয়মিত পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে।
সংশ্লিষ্টদের মতে, ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম কার্যকর রাখতে মাঠপর্যায়ের কর্মীদের নিয়মিত তদারকি ও মনিটরিং গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে পরিবার কল্যাণ পরিদর্শিকার পদ শূন্য থাকায় এ কার্যক্রমে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান বলেন, “শূন্য পদের বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি।”
বাংলার খবর ডেস্ক : 






















