
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর (হবিগঞ্জ)
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতালের ভেতরে থাকা একটি পরিত্যক্ত ভবনে গেলে সেখানে একজন যুবকের মরদেহ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা পরিত্যক্ত ভবনে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।
মাধবপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিন আগে ওই যুবকের মৃত্যু হতে পারে। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ সম্পর্কে একটি ধারণা পাওয়া গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার: 






















