
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের আমির ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া, বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এদিকে, গাজী নজরুল ইসলামের বিয়ের নিবন্ধন প্রসঙ্গে কাজী বাকীবিল্লাহ জানান, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট পক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি বিয়ের নিবন্ধন সম্পন্ন করেছেন। তার ভাষ্য অনুযায়ী, কনের বাবা ফোনে সম্মতি দেন এবং পরে কনে ও অভিভাবক কাবিননামায় স্বাক্ষর করেন। তিনি দাবি করেন, কনের বয়স ১৮ বছর ৩ মাস ছিল।
তবে কাবিননামায় কনের নাম ও জন্মতারিখের অসঙ্গতি নিয়ে প্রশ্ন করা হলে কাজী বলেন, সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী তিনি নিবন্ধন সম্পন্ন করেছেন। একপর্যায়ে বক্তব্যে ভিন্নতা দেখা দিলে তিনি আর কোনো মন্তব্য না করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
বাংলার খবর ডেস্ক : 


























