
পারভেজ হাসান লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলায় ব্যাটারিচালিত টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর অনুমান ১২টা ৩০ মিনিটের সময় লাখাই থানাধীন ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি উত্তরগ্রাম সংলগ্ন বামৈ-মোড়াকরি আঞ্চলিক সড়কের ‘তিস্কার পুল’ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে ও টমটম চালক হৃদয় (২২), মোড়াকরি গ্রামের বীরেন্দ্র চক্রবর্তীর ছেলে সুমন চক্রবর্তী (৩২) এবং রিংকু মিয়া (পিতা অজ্ঞাত)। এছাড়া আহত হয়েছেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের খলিল মিয়ার ছেলে মোটরসাইকেল চালক সালাম (১৮) ও আরজু মিয়ার ছেলে বাবুল মিয়া (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বামৈ-মোড়াকরি আঞ্চলিক সড়কের তিস্কার পুল এলাকার পাকা রাস্তার উপর টমটম ও মোটরসাইকেলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি গাড়ির চালক ও যাত্রীসহ ৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ এবং এএসআই মুন্না মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
বাংলার খবর ডেস্ক : 





















