
নিজস্ব প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দের ভিজিএফ চাল চুরির প্রতিবাদ করতে গিয়ে এক যুবক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার ৩নং বহরা ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবকের নাম সুহেল মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইউনিয়ন পরিষদ থেকে সরকারি ভিজিএফ চাল পাচারের সময় সুহেল মিয়া বাধা প্রদান করেন এবং চালগুলো আটকে দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্যানেল চেয়ারম্যান-৩ এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফরিদ মিয়া সুহেলকে পরিষদের একটি কক্ষে নিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ফরিদ মিয়া গ্রাম পুলিশকে সাথে নিয়ে সুহেল মিয়াকে মারধর করছেন।
ভিডিওতে আরও দেখা যায়, ঘটনাস্থলে ট্যাগ অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা বিষয়টি নিয়ন্ত্রণে কোনো কার্যকর ভূমিকা না রেখে দাঁড়িয়ে ছিলেন। চাল পাচারের মতো গুরুতর অভিযোগের প্রতিবাদ করায় একজন নাগরিককে এভাবে হেনস্তা করার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান ফরিদ মিয়া জানান, সুহেল মিয়া অসংলগ্ন আচরণ করেন এবং ভিত্তিহীন অভিযোগ তোলেন। তাই তাকে কিছুটা ‘শাসন’ করা হয়েছে। তবে সচেতন মহলের প্রশ্ন, অভিযোগ যাই হোক না কেন, আইন নিজের হাতে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদের রুমে এভাবে মারধর করার অধিকার জনপ্রতিনিধির আছে কি না। এই ঘটনায় প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
বাংলার খবর ডেস্ক : 























