
বাংলার খবর ডেস্ক:
সিলেট বিভাগের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্প, সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণ এবং ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সম্প্রতি সিলেটবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব উন্নয়ন পরিকল্পনার কথা জানান।
ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামোর উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি বিভাগের সংসদ সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেও প্রকল্পটি ভূমিকা রাখবে বলে জানান তিনি।
সিলেট-১ নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে একটি নতুন সেতু নির্মাণের কথাও জানান মন্ত্রী। তাঁর মতে, সেতুটি নির্মিত হলে স্থানীয় মানুষের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
এ ছাড়া সিলেট বিভাগের রেল যোগাযোগ উন্নয়নে রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এর ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই ঢাকা-সিলেট রুটে একটি নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে সিলেটবাসীসহ সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে একনেকের বৈঠক শুরু হয় এবং দুপুর সোয়া ১টায় শেষ হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের এ তথ্য নিশ্চিত করেন।
বাংলার খবর ডেস্ক : 



















