
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। মহামান্য রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই শপথ পাঠ করাবেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর তিন দিনের মধ্যেই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরিকল্পনা অনুযায়ী ১৬ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল শপথ সংক্রান্ত সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা দেন। তিনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন। এ ক্ষেত্রে প্রধান বিচারপতিকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের শপথ পড়ানোর বিধান রয়েছে। পাশাপাশি ১২৩ অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্ধারিত ব্যক্তি শপথ পড়াতে ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পাঠ করাতে পারবেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, স্পিকার পদ শূন্য এবং ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকায় সংবিধান অনুসারেই এই শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে নির্ধারিত সময়ের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন করা হবে।
বাংলার খবর ডেস্ক : 
























