
**বাংলার খবর ডেস্ক:**
সিলেট বিভাগের ১৯টি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে আগামীকাল রবিবার বৈঠক করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল ৩টায় রাজধানীর গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এ জন্য বিভাগের ৮০ থেকে ৯০ জন মনোনয়নপ্রত্যাশী ইতিমধ্যে ঢাকায় যাচ্ছেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন, প্রাথমিক খসড়া তালিকার কাজ শেষের পথে। দল যাকে যোগ্য মনে করবে, তাঁকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।
সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল আহাদ খান জামাল বলেন, প্রাথমিকভাবে মনোনয়নপ্রত্যাশীদের যাচাই-বাছাই করা হবে। বিভাগে ১৯টি আসনের মধ্যে সিলেট জেলায় রয়েছে ৬টি আসন। এর মধ্যে সিলেট-১ ও সিলেট-২ ছাড়া অন্যান্য আসনে ৩ থেকে ৭ জন পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।
সিলেট-১ আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, এবং সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও প্রবাসী বিএনপি নেতা হুমায়ুন কবির আলোচনায় রয়েছেন। তবে সম্প্রতি হুমায়ুন কবিরকে তারেক রহমান নির্বাচনে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়ায়, তাহসিনা রুশদীর লুনার মনোনয়ন প্রায় নিশ্চিত বলে জানা গেছে।
সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, ব্যারিস্টার এমএ সালাম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল আহাদ খান জামালসহ ৭ জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।
সিলেট-৪ আসনে দলের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হেকিম চৌধুরীসহ ৫ জন প্রতিদ্বন্দ্বী।
সিলেট-৫ আসনে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু মামুন), যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, আশিক চৌধুরী, ফাহিম আল চৌধুরী ও জাকির হোসেনসহ ৬ জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।
এদিকে সুনামগঞ্জ-৫ আসনে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান—এই দুজনের মধ্যে যে কেউ মনোনয়ন পেতে পারেন।
অন্যদিকে সিলেট-৬ আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান চৌধুরী শাহিনসহ মোট ৭ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।
বাংলার খবর ডেস্ক : 















