
ডেস্ক রিপোর্ট | বাংলার খবর: ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জিজ্ঞাসাবাদে ছাত্র-জনতার অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডসহ নানা অপকর্মের প্রমাণ সামনে আসছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার রাতে বরিশাল থেকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রতারণা, নির্যাতন, জিম্মি ও আর্থিক অপরাধের অভিযোগ ওঠে। সিআইডি কর্মকর্তারা জানান, জুলাই আন্দোলনে স্বৈরাচারের পক্ষ নিয়ে তিনি সেলিব্রেটি ও কনটেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন ঠেকানোর চেষ্টা করেন। যারা তার সঙ্গে দ্বিমত পোষণ করেন, তাদের হুমকি ও ভয়ভীতি দেখান।
তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা অভিযোগ উঠেছে। অনেকে সরাসরি তার নির্যাতনের বর্ণনা দিয়েছেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্য গড়ে বিপুল অঙ্কের টাকা কামিয়ে বিদেশে পাচার করেছেন তিনি।
এর আগে যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু হত্যা মামলায় সোমবার তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। একই মামলায় গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হন তার বাবা, বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী।
জানা গেছে, শুধু জুলাই আন্দোলন নয়, অতীতেও বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন জুগিয়ে কনটেন্ট তৈরি করেছেন তৌহিদ আফ্রিদি। অভিযোগ রয়েছে, ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন তিনি।
সিআইডির মুখপাত্র জসীম উদ্দিন খান বলেন, “তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা যাচ্ছে না।”
বাংলার খবর ডেস্ক : 
















