
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
গণমাধ্যমে প্রকাশিত ৭০ বছর বয়সী বিধবা আলতামুন্নেছা বেগমের নির্যাতন ও হয়রানির খবর নজরে আসার পর স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান বিষয়টি আমলে নিয়ে ৭ দিনের মধ্যে তদন্তের নির্দেশ দেন। আদালতের এ উদ্যোগে নতুন করে ন্যায়বিচারের আশায় বুক বেঁধেছেন স্বামীর রেখে যাওয়া মাত্র তিন শতক ভিটাজমির মালিক অসহায় এই বৃদ্ধা।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের খাইরুল মিয়ার বাড়ির পাশে বসবাস করেন আলতামুন্নেছা বেগম। তাঁর অভিযোগ, স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল ৩ শতক ভিটাজমি জোরপূর্বক কিনে নেওয়ার চেষ্টা করছেন তাঁর ভাতিজা খোরশেদ মিয়া, দেবর বাচ্চু মিয়া ও খাইরুল মিয়াসহ কয়েকজন। জমি নিয়ে বিরোধের জেরে পাঁচ বছর ধরে তিনি নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। একপর্যায়ে মারধরে আহত ও রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাঁকে। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত মাজারে মাজারে ঘুরে বিচার চাইছিলেন এই বৃদ্ধা।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও), থানা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় প্রশাসনের উদ্যোগের পরও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাঁর। সম্প্রতি বৃদ্ধার এই দুর্ভোগ ও নির্যাতনের অভিযোগ নিয়ে দৈনিক বিজয়ের প্রতিধ্বনি, দেশ রূপান্তর, হবিগঞ্জের বাণী, তরফ বার্তা, হবিগঞ্জের খবর, ফোকাস নিউজ, এনপিবি ও খোয়াই পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদ আদালতের নজরে এলে বিষয়টি আমলে নেন বিচারক আব্দুল মান্নান। গত বুধবার (২৫ নভেম্বর) তিনি সাত দিনের মধ্যে মাধবপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।
আদালতের নির্দেশের খবর শুনে আবেগাপ্লুত আলতামুন্নেছা বেগম বলেন, “সব জায়গায় ব্যর্থ হয়ে যখন আমাদের এলাকার পীর ফতেহ আলীর মাজারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, তখন মনে হয়েছিল এই দেশে বুঝি বিচার নেই। আজ শুনলাম আদালত নিজে থেকেই বিষয়টি আমলে নিয়েছে। এবার আমি খুব আশাবাদী। হয়তো তারা আমাকে আর নির্যাতন করবে না। ওই বিচারককে আল্লাহ দীর্ঘায়ু দান করুন। সাংবাদিকদেরও আল্লাহ বাঁচিয়ে রাখুন।”
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “আমরা আগেও মহিলাটির পাশে দাঁড়িয়েছিলাম। এখন আদালতের নির্দেশে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, আদালতের এ উদ্যোগ ভুক্তভোগীর ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযোগের সত্যতা যাচাই এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, আদালতের এই নির্দেশ সাংবাদিকদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
প্রসঙ্গত, আলতামুন্নেছা একজন হতদরিদ্র বৃদ্ধা। জীবনের অধিকাংশ সময় অন্যের জমিতে ক্ষেতমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। বর্তমানে বয়সের ভারে কাজ করতে পারেন না। স্বামীহারা এই নারীর কোনো পুত্রসন্তান নেই। মেয়েরা মাঝেমধ্যে যে সহযোগিতা করেন, তা দিয়েই কোনো রকমে দিন কাটে তাঁর। অভাবের কারণে অনেক সময় খাবারও জোটে না। লজ্জায় কারও কাছে হাত পাততেও পারেন না। কখনো ভাতের মাড় খেয়ে, কখনো অর্ধাহারে-অনাহারে দিন পার করছেন তিনি। জীবনের শেষ সময়ে নিজের ভিটায় শান্তিতে বসবাস করাই তাঁর একমাত্র প্রত্যাশা।
আরও পড়ুন: মাধবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, খালেদা জিয়ার অবদান স্মরণ
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
মাধবপুর প্রতিনিধি 
















