
বাংলার খবর ডেস্ক:
মাদকের অবৈধ অর্থের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সম্পৃক্ততা থাকবে না—এ বিষয়ে রাজশাহী রেঞ্জের ৭১টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শপথ করানো হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের রুট পুরোপুরি নির্মূল করাই পুলিশের লক্ষ্য।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না। পুলিশকে কখনোই আলাদা করে দেখার সুযোগ নেই। সাধারণ মানুষের প্রতি পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় পাবনা অনেক ভালো অবস্থানে রয়েছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে।
সম্প্রতি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ প্রসঙ্গে মীর আশরাফ আলী বলেন, পুলিশের কোনো সদস্য সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্তের স্বার্থে বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি। তিনি বলেন, প্রতিটি বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে ঘরের পাশাপাশি সামনের রাস্তার দৃশ্যও ধারণ করা যায়। এতে অপরাধ শনাক্ত ও মামলার তদন্ত সহজ হবে। ইতোমধ্যে যেসব মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে, তার বেশির ভাগ ক্ষেত্রেই সিসি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের ভালো কাজগুলো তুলে ধরতে হবে। সাংবাদিকরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। পুলিশের নেতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি ইতিবাচক কাজগুলোও সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।
বাংলার খবর ডেস্ক : 



















