
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেদে পল্লীর মায়েদের অংশগ্রহণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রুম টু রিডের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ রায় ও রুম টু রিডের এস এম জাকির হোসেন।
সমাবেশে বক্তারা শিশুদের শিক্ষার গুরুত্ব, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং সন্তানদের শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বেদে পল্লীর শিশুদের শিক্ষার আওতায় আনা ও তাদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন, শিশুদের শিক্ষিত করে গড়ে তুলতে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। সন্তানদের পড়াশোনার প্রতি মায়েদের যত্নবান হতে হবে এবং নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে। সমাজের প্রতিটি শিশুর শিক্ষার অধিকার রয়েছে। বেদে পল্লীর শিশুরাও যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে বেদে পল্লীর মায়েরা শিশুদের শিক্ষা নিয়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
বাংলার খবর ডেস্ক : 



















