
বাংলার খবর ডেস্ক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় থানার লকার ভেঙে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং পুলিশের অস্ত্র লুটের অভিযোগ উঠেছে। পাশাপাশি গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা-পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এর জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বাগ্বিতণ্ডার একপর্যায়ে স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংগঠিত হন। পরে তাঁরা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এ সময় থানা কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও আগুন দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হামলাকারীরা থানার লকার ভেঙে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেন এবং পুলিশের অস্ত্র লুট করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় থানার ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা এবং লুট হওয়া অস্ত্রের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলার খবর ডেস্ক : 



















