
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উপজেলার সাধারণ মানুষ আরও উন্নত, বিস্তৃত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের এ উদ্যোগের ফলে হাসপাতালে রোগী ভর্তির সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণ এবং প্রয়োজনীয় জনবল ও স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়নের সুযোগ তৈরি হবে।
এ বিষয়ে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সাল বলেন, মাধবপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বৃদ্ধি করা। সরকারের সিদ্ধান্তের মাধ্যমে সেই দাবি বাস্তবায়নের পথে এগিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে জনগণ এর সুফল ভোগ করতে পারবেন।
স্থানীয় বাসিন্দারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে রোগীর চাপের কারণে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছিল। শয্যা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে তারা আশা করছেন।
এদিকে হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হওয়ার খবরে মাধবপুরজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সরকারের এ উদ্যোগকে জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
বাংলার খবর ডেস্ক : 



















