
হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যর্থতা ও শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এ মামলা করেন।
মামলায় ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়েছে।
মামলার আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।
বাদী শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, অন্তর্বর্তী সরকারের অবহেলা এবং টিকা আমদানিতে জটিলতার কারণে বিদেশি ভ্যাকসিন আমদানি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে টেন্ডার প্রক্রিয়ার জটিলতায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়, যার ফলে সারাদেশে হাম ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, এ ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় আনা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অবহেলা করতে না পারে।
এর আগে গত ২০ মে হাম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করা হয়েছিল এবং এ বিষয়ে ৫টি চিঠিও দেওয়া হয়েছিল। তিনি বলেন, অর্থের অভাব নয়, বরং ক্রয়সংক্রান্ত জটিলতার কারণেই টিকা সংকট তৈরি হয়েছিল।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ৬২০ জনে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 















