
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবিগঞ্জের মাধবপুরে ‘পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মাধবপুর পৌর পার্ক এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
‘পরিচ্ছন্ন মাধবপুর, সুস্থ মাধবপুর’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান। এতে উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মচারীদের পাশাপাশি মাধবপুর পৌর ছাত্রদল, মাধবপুর স্কাউট গ্রুপ এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
অভিযানে পৌর পার্ক ও আশপাশের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল হিসেবে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও বিভিন্ন আবর্জনা অপসারণ করা হয়।
অভিযানকালে ইউএনও মোঃ মেহেদী হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; প্রত্যেককে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।
তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ সম্মিলিতভাবে কাজ করলে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।
অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থী, স্কাউট সদস্য ও স্থানীয় বাসিন্দারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে মাধবপুরকে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যকর উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















