
নিজস্ব প্রতিবেদক, মাধবপুর (হবিগঞ্জ):
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার চৌমুহনী বাজার এলাকায় স্থাপিত একটি চেকপোস্টে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কসমেটিকস, কাবেরী মেহেদী, ফুচকা ও বিস্কুট জব্দ করেন।
একই দিনে সাতছড়ি জাতীয় উদ্যানের সামনে পরিচালিত পৃথক আরেকটি অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে ভারতীয় অবৈধ কম্বল জব্দ করা হয়।
বিজিবি জানায়, পৃথক দুই অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
বাংলার খবর ডেস্ক : 












