
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার রোখসানা পারভিন।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান।
এ সময় বক্তব্য দেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ, মাধবপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিলপিয়ার হোসেন, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম, মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিনা আক্তার এবং প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু মুখস্থনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের চিন্তাশক্তি, সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষকদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তারা বলেন, পরিবর্তিত সময় ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা জরুরি। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন শিক্ষককে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
বাংলার খবর ডেস্ক : 



















