

বাংলার খবর ডেস্ক:
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট দিচ্ছেন চা শ্রমিকেরা। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় দেশের পাঁচ জেলার চা-বাগানে একসঙ্গে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন।
এবারের নির্বাচনে ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী লড়ছেন। গোপন ব্যালটে ভোটাররা তিনটি স্তরে ভোট দিচ্ছেন: কেন্দ্রীয় কমিটি, নিজ নিজ ভ্যালি এবং সংশ্লিষ্ট বাগানের পঞ্চায়েত কমিটি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ২৬টি চা-বাগানের ৪৩টি পঞ্চায়েত ও একটি ভ্যালিতে মোট ভোটার ২১ হাজার ২১৭ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৬৮ জন, পুরুষ ১০ হাজার ১৪৯ জন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে হবিগঞ্জের নৃপেণ পালসহ ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়ে জেলার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। তাঁরা আশা করছেন, নতুন নেতৃত্ব মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার, নিয়মিত পারিশ্রমিক, আবাসন, শিক্ষা ও চিকিৎসার মতো পুরোনো দাবিগুলো আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।
শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিয়েছে, মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। চা শ্রমিক ইউনিয়নের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, জেলার চার উপজেলার ২৬টি বাগানে ভোট হচ্ছে। বেশির ভাগ বাগান সীমান্তঘেঁষা হওয়ায় নিরাপত্তার জন্য বিজিবির সঙ্গে সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন: চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন কাল, বাগানে বাগানে শেষ মুহূর্তের প্রচারণা
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন