

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরিতে রাতের অন্ধকারে রাস্তার পাশের বড় গাছ কাটার অভিযোগে দুটি গাছ আটক করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। ২৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মোড়াকরি ১ নম্বর ওয়ার্ডের মেইন রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গাছ কাটার ছবি তুলতে গেলে সংবাদকর্মীদের সাথে অসদাচরণ করার অভিযোগও উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক সংলগ্ন ওই স্থানে ৮/৯টি বড় ইউক্যালিপটাস (ক্লিপটার) গাছ রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ থেকে ৪ লাখ টাকা। এর মধ্যে কাটা পড়া দুটি গাছের মূল্য প্রায় এক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির নাম আজমান মিয়া, পিতা মৃত আজিজুল হক, তিনি মোড়াকরি গ্রামের বাসিন্দা।
মোড়াকরি ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার মিয়া জানান, গাছগুলো সরকারি জায়গার। কাউকে না জানিয়ে রাতের আঁধারে আজমান মিয়া দুটি গাছ কেটে ফেললে স্থানীয়দের নিয়ে তারা বাধা দেন এবং গাছগুলো আটক করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। মোড়াকরি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক বলেন, "এ গাছগুলো সরকারি জায়গার। রাতের অন্ধকারে আজমান মিয়া গাছ কেটে পাচারের চেষ্টা করলে আমরা স্থানীয়দের সহায়তায় আটক করি।"
জায়গা ও গাছের মালিকানা প্রসঙ্গে স্থানীয় মুরুব্বী শাহজান মিয়া জানান, সড়ক অধিগ্রহণের পর ওই জায়গা আজমান মিয়াদের কাছে বিক্রি করা হয়। পরবর্তীতে গাছগুলোর জন্য সরকার থেকে ৭২ হাজার টাকা গাছের মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছিল। শাহজান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, "সরকার থেকে আসা ৭২ হাজার টাকা আমি নিজের হাতে গাছের মালিকদের এনে দিয়েছি। সে হিসেবে এই গাছগুলো সরকারি।"
অন্যদিকে, অভিযুক্ত আজমান মিয়া দাবি করেন, গাছগুলো তার নিজের এবং এ বিষয়ে তিনি যা ইচ্ছে তাই করবেন। রাতে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমি যখন খুশি তখনই কাটব।" এ সময় তিনি মৌখিকভাবে 'ইউএনও স্যারের অফিস' থেকে অনুমতি নেওয়ার দাবিও করেন এবং ঘটনাস্থলে ছবি তুলতে গেলে সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন। এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান জানান, "গাছ কাটার বিষয়টি আমি অবগত হয়েছি। আপাতত গাছ কাটা বন্ধ রেখে কাটা গাছগুলো সেখানেই সংরক্ষণে রাখতে বলা হয়েছে। পরবর্তীতে মালিকানা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে—মালিকের প্রমাণ হলে তিনি গাছ নেবেন, আর সরকারি প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: আন্দিউড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরীর সমর্থনে মীরনগর গ্রামবাসীর আয়োজন মতবিনিময় সভা
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন