

বাংলার খবর ডেস্ক:
এক বছরের বিরতি শেষে দেশের আটটি বিভাগে আবার তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নেবেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি জানান, বিরতির পর আট বিভাগে তাঁর উন্মুক্ত মাহফিলগুলো আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ওয়াজ-মাহফিলকে দেশের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ উল্লেখ করে আজহারী লেখেন, ‘আবহমানকাল ধরে ওয়াজ-মাহফিল বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।’ আয়োজনগুলো সফল করতে তিনি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছেন।
মাহফিলে শান্ত ও উৎসবমুখর পরিবেশ রাখার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা সবার দায়িত্ব।’ কোনো বিশৃঙ্খলা যেন এই আয়োজনের সৌন্দর্য নষ্ট না করে, সে বিষয়েও সতর্ক থাকতে বলেন তিনি।
আজহারীর মতে, বড় জনসমাগম বা জাঁকজমকপূর্ণ আয়োজনেই মাহফিলের সার্থকতা নয়। কোরআন ও সুন্নাহর শিক্ষা মানুষের চিন্তা, চরিত্র ও কাজে প্রতিফলিত হলেই এসব আয়োজন সফল হবে। এতে ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পোস্টে তিনি আরও বলেন, ‘কোরআনের মাহফিল শুধু জনসমাগমের আয়োজন নয়, বরং হওয়া উচিত জীবন বদলের আয়োজন।’ শিগগিরই বিভিন্ন শহরে ভক্ত-শ্রোতাদের সঙ্গে দেখা হওয়ার আশাও জানান তিনি।
আরও পড়ুন: ভারতে মিজানুর রহমান আজহারীর নামে ভুয়া মাহফিল
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন