

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের ব্যবস্থাপকের কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে সাপ্তাহিক হবিগঞ্জ খবরের সম্পাদক ও প্রকাশক শাহ মো. হুমায়ুন কবিরকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মাধবপুরে সাংবাদিক গ্রেপ্তার হওয়ার এ ঘটনা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
এ ঘটনায় চা-বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার হুমায়ুন কবির হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের প্রয়াত মো. সুরুজ আলী শাহের ছেলে।
আরও পড়ুন: আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে মাধবপুরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি
মামলার অভিযোগে বলা হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের সড়কে বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহ উদ্দিন আহমেদের কাছে প্রতি মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির।
টাকা দিতে রাজি না হওয়ায় তিনি বাগান ও ন্যাশনাল টি কোম্পানি নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির।
তাঁর দাবি, ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অনিয়ম নিয়ে তিনি আগে একাধিক সংবাদ প্রকাশ করেছেন।
বুধবার আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রতিবেদন তৈরির জন্য তিনি তেলিয়াপাড়া চা-বাগানে গিয়েছিলেন।
আগের সংবাদগুলোর জের ধরে পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, চা-বাগান কর্তৃপক্ষ হুমায়ুন কবিরকে বাগানে আটকে রেখে থানায় খবর দেয়।
পরে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হলে বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়।