
বাংলার খবর ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে হাসপাতালের কেবিনে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বোর্ড বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন তিনি।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবরও স্বাস্থ্য পরীক্ষার জন্য একদিনের জন্য এভারকেয়ারে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। এরপর বাসায় ফিরে যান।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। গত মে মাসে যুক্তরাজ্য থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর থেকে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।