বাংলার খবর ডেস্ক:
সিলেট জেলা পুলিশের কার্যক্রমকে গতিশীল ও গণমুখী রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করার অবদানের স্বীকৃতিস্বরূপ অক্টোবর ২০২৫ মাসে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ, পিপিএম (বিপি-৭৩৯৬০৭৭২৯৭)-কে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় সিলেটের পক্ষ থেকে জারি করা প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে, জনাব রতন শেখের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার পুলিশ জনসেবামুখী ও দায়িত্বশীলভাবে কাজ করে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পুরস্কৃত হওয়া নিয়ে ওসি রতন শেখ বলেন, “আমি এই সম্মানকে ব্যক্তিগত অর্জন নয়, বরং আমার পুরো টিমের পরিশ্রমের ফসল হিসেবে দেখি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অপরাধ দমন করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা সিলেট জেলার শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করে যাব।”
পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই প্রত্যয়নপত্রে ওসি রতন শেখের নেতৃত্বে পুলিশের কর্মতৎপরতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার প্রশংসা জানানো হয়। এটি সিলেট জেলার সামগ্রিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশের অবদানকে সম্মানিত করে।