বাংলার খবর ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। গাজী বোরহান উদ্দিন অরুয়াইল যুবলীগের আহ্বায়ক পদে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী বোরহান উদ্দিন। মঙ্গলবার সন্ধ্যার দিকে বোরহানকে গ্রেপ্তার করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারের পর তাকে ক্যাম্পে নিয়ে এলে সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তাদের গোষ্ঠীর অন্তত দেড় থেকে দুই শতাধিক লোকজন।
এ সময় তারা পুলিশকে চাপ দিতে শুরু করেন এবং বোরহানকে ছেড়ে দেওয়ার দাবি জানান। পরে পুলিশ রাতে গাজী বোরহান উদ্দিনকে নিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল থানার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে তাদের ওপর হামলা চালানো হয় এবং বোরহানকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনার পরপরই মামলা হয়েছে, আসামিকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে।”