বাংলার খবর ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইউনুছ মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নিজ গ্রাম অলিপুরে মরহুমের বাড়ির সামনে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। মাধবপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন।
এ সময় মরহুমের কফিন জাতীয় পতাকায় আচ্ছাদিত করে পুষ্পমাল্য অর্পণ করা হয়। হবিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বাজানো হয় করুন সুর, পালন করা হয় এক মিনিট নীরবতা। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইউনুছ মিয়া মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি চার পুত্র, চার কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।