বাংলা খবর ডেস্ক:
শেষ বলে ক্যাচ ধরতে পারলেই জয় পেত বাংলাদেশ। কিন্তু সোহান তালুবন্দি করতে না পারায় ম্যাচটি টাই হয়ে যায়। পরে সুপার ওভারে ১ রানে হেরে যায় বাংলাদেশ, ফলে সিরিজ এখন ১–১ সমতায়।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ইনিংসের পুরো ৫০ ওভার স্পিনারদের দিয়েই বল করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ—ওয়ানডে ইতিহাসে যা প্রথমবার ঘটল। স্পিন নির্ভর কৌশলে বাংলাদেশকে ২১৩ রানে আটকে দেয় তারা। জবাবে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত শেই হোপের ব্যাটে ম্যাচটি টাই হয়।
বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে। ক্যারিবীয় স্পিনারদের ঘূর্ণিজালে ৯৬ রানে চার উইকেট হারায় দলটি। একে একে ফিরেছেন সাইফ হাসান (৬), তাওহীদ হৃদয় (১২), নাজমুল শান্ত (১৫) ও মাহিদুল অঙ্কন (১৭)।
সৌম্য সরকার কিছুটা প্রতিরোধ গড়লেও ৮৯ বলে ৪৫ রানে থামেন। শেষদিকে মিরাজ, রিশাদ ও সোহান দলের সংগ্রহ ২০০ পার করেন। রিশাদ খেলেন ঝোড়ো ১৪ বলে ৩৯ রানের ইনিংস, যেখানে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা। মিরাজ ছিলেন অপরাজিত ৩২ রানে।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই একটি উইকেট হারালেও হোপ ও গ্রেভস দলকে টেনে তোলেন। বাংলাদেশের স্পিনাররা দুর্দান্ত বোলিং করে ম্যাচে ফেরে। রিশাদ তিনটি, নাসুম ও তানভীর দুটি করে উইকেট নেন। শেষ ওভারে তিন রান দরকার থাকলেও শেষ বলে সোহানের হাত ফসকে যায় ক্যাচ—যা ম্যাচের ভাগ্য বদলে দেয়।
শেষ পর্যন্ত সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ দেয় ১১ রানের লক্ষ্য। ওয়াইড ও নো বলের সুবাদে সুযোগ পেলেও বাংলাদেশ তা কাজে লাগাতে পারেনি, ফলে ১ রানে হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।