অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে হবে। অর্থাৎ, তারা এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় কাজ শুরু করতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে এবং জনগণকে সেই ধারণা দিতে হবে। সচিবালয়ে যারা আগের স্বৈরাচার সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে, তাদের অপসারণ জরুরি।”
বিচার বিভাগ সম্পর্কেও তিনি মন্তব্য করে বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যদিও এটি আদালতের বিষয়, তবু প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।”
এ সময় বিএনপি মহাসচিব পুলিশে পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল। দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।