
হাবিবুর রহমান নোমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে বাহুবল অংশের অধিগ্রহণকৃত জমির বাস্তবসম্মত শ্রেণী সংশোধন ও বাজারমূল্যে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় ক্ষতিগ্রস্ত ভূমি মালিক কল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধন শেষে নেতৃবৃন্দ ইউএনওর হাতে স্মারকলিপি তুলে দেন।
বক্তারা অভিযোগ করেন, দলিলে বা সাইল বা বসতভিটা হিসেবে উল্লিখিত বহু জমিকে জরিপে ইচ্ছাকৃতভাবে আমন বা নিম্নশ্রেণীতে দেখানো হয়েছে, যাতে ক্ষতিপূরণের হার কমিয়ে দেওয়া যায়। এতে প্রকৃত মালিকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
স্মারকলিপি গ্রহণের সময় ইউএনও গিয়াস উদ্দিন সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত জেলা প্রশাসনের নিকট প্রেরণের আশ্বাস প্রদান করেন।
আন্দোলনকারীরা প্রশাসনকে আগামী ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন— এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে এবং প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।