
বাংলার খবর ডেস্ক:
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জনকে আটক করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। আটক ব্যক্তিদের একজন আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট হিসেবে পরিচিত সুশান্ত দাস গুপ্ত। বাকি পাঁচজনের পরিচয় এখনো জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৬ নভেম্বর স্থানীয় সময় রাতে রমফোর্ডের হাই রোডে মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে। সেখানে এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছিল। অনুষ্ঠান শেষে ভেন্যুর পেছনের সিডার পার্ক গার্ডেনস সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়, যা পরে সামনের সড়কেও ছড়িয়ে পড়ে। তার আগেই নিরাপত্তাকর্মীদের সহায়তায় নাহিদ ইসলাম অনুষ্ঠানস্থল ছেড়ে যান।
মেট্রোপলিটন পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে গোলযোগের খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সংঘর্ষের আগে সেখানে প্রায় ৫০ জন একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে পুলিশ জানতে পারে। পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস পৌঁছানোর পর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশের ধারণা, তাদের আঘাত প্রাণঘাতী নয়। কর্মকর্তারা পৌঁছানোর অল্প সময়ের মধ্যেই উপস্থিত লোকজন সরে যান।
ঘটনার সূত্রপাত নিয়ে দুই পক্ষ ভিন্ন বক্তব্য দিয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতা নুরুল হুদা জুনেদের দাবি, অনুষ্ঠান শেষে গাড়ির দিকে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। অন্যদিকে সুশান্ত দাস গুপ্তের দাবি, ভেন্যুর পেছনে এক নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগ্বিতণ্ডা থেকেই ঘটনার শুরু।
প্রত্যক্ষদর্শীরা ধাওয়া-পাল্টাধাওয়া ও বোতল ছোড়ার কথা জানিয়েছেন। তবে কোন পক্ষ প্রথম শারীরিক আঘাত করেছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে ১৭ নভেম্বর পুলিশের প্রাথমিক বক্তব্যে জানানো হয়েছিল, তখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের কাছে সিসিটিভি ও গাড়ির ড্যাশক্যামের ফুটেজ চেয়েছিল পুলিশ।
আরও পড়ুন: আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন