

বাংলার খবর ডেস্ক:
ফেনীতে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘ ১৬ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে প্রদীপ চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা পরিশোধ না করলে আরও ছয় মাস সশ্রম কারাভোগ করতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক মাসফিকুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। দণ্ডপ্রাপ্ত প্রদীপ চৌধুরী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের নারায়ণ চৌধুরীর ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৯ আগস্ট র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিলসহ প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার করে। একই বছরের অক্টোবরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর সাক্ষ্যগ্রহণসহ দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলাটির রায় হলো।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মিজানুর রহমান সেলিম জানান, রায় ঘোষণার পর আসামির জামিন বাতিল করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: লাখাইয়ে মাদক মামলায় শামীমের এক বছরের কারাদণ্ড
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন