

হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ, হাইমচরের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম শফিক এবং আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদ জিল্লুর রহমান ফারুকী।
এছাড়াও প্রশিক্ষণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের বিভিন্ন পর্বে ‘দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (SOD), ২০১৯’-এর আলোকে প্রশিক্ষকবৃন্দ গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। এসব সেশনে দুর্যোগ ব্যবস্থাপনার নীতিমালা, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, সংশ্লিষ্ট কমিটি ও অংশীজনদের দায়িত্ব এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে করণীয় বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের ক্ষয়ক্ষতি সীমিত রাখা এবং দুর্যোগকালীন সময়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আরও পড়ুন: সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন