

বাংলার খবর ডেস্ক:
সেঞ্চুরিয়ন আর দোহা, হাজার হাজার কিলোমিটার দূরের দুই মাঠে সোমবার খেলেছে বাংলাদেশের দুটি দল। কোনো জায়গা থেকেই সুখবর আসেনি; দুই জায়গাতেই ব্যর্থ হয়েছেন ব্যাটাররা।
সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৮৮ রান।
দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপে বিনা উইকেটে ৫৫ রানের ভালো শুরু পেয়েও বাংলাদেশ ‘এ’ দল অলআউট হয় ১৪৫ রানে। শ্রীলঙ্কা ‘এ’ দল ২১.৫ ওভারেই ৭ উইকেটে জিতে যায়। নিশান মাদুস্কা (৫১*) ও পবন রত্নায়েকের (৪৫) অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি জয় সহজ করে। ১০ ওভারে ৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা রাবিন্দু ফার্নান্দো।
টানা দুই জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল সাইফ হাসানের দল। গ্রুপসেরা না হওয়ায় ২৭ নভেম্বর সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। ২৬ নভেম্বর অন্য সেমিফাইনালে লড়বে শ্রীলঙ্কা ও ভারত।
আরও পড়ুন: সেঞ্চুরিয়ন টেস্টে নেই মুশফিক, কুঁচকির চোটে ছিটকে গেলেন
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন