

হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) তিনি উপজেলার ২নং আলগী দুর্গাপুর (উত্তর) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকার কাছে প্রতিষ্ঠানের সেবাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
পরে ৯নং নয়ানী লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে উপস্থিত শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে খোঁজ নেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অনেক শিক্ষার্থী যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয় না। বিষয়টি বিবেচনায় নিয়ে অনুপস্থিত ও বিলম্বে বিদ্যালয়ে আগমনকারী শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে দ্রুত অভিভাবক সমাবেশ আয়োজনের জন্য প্রধান শিক্ষককে অনুরোধ জানান ইউএনও।
এদিকে, উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. আলী ভূঁইয়া গত ১৯ নভেম্বর অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর বাসভবনে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় প্রয়াত আলী ভূঁইয়ার প্রাপ্য আনুতোষিক দ্রুততম সময়ের মধ্যে প্রদানের ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁদের আশ্বস্ত করেন তিনি।
পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তী সময়ে চরভৈরবী ইউনিয়নের ৫৯নং খলিফাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরভৈরবী আজহারুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন ইউএনও। খলিফাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের শিখনমান নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে পড়ে থাকা নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও সঙ্গে থাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অনুরোধ জানান তিনি। পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন