

বাংলার খবর ডেস্ক:
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কোনো ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে বা দেশ ছেড়ে যেতে পারবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রোববার (২২ নভেম্বর) সীমান্ত এলাকা পরিদর্শনকালে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।
বিজিবি প্রধান বলেন, দেশের পুরো সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিজিবির। চোরাচালান বন্ধ করা এবং কেউ যেন অবৈধভাবে এপার-ওপার যাতায়াত করতে না পারে, তা নিশ্চিত করাও বাহিনীর কাজ। পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক যাতে সীমান্ত দিয়ে ঢুকতে না পারে, সে জন্য নিরাপত্তাব্যবস্থা আরও কড়া করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও দেশের মানুষের প্রত্যাশা পূরণে সীমান্তের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিজিবি। এ লক্ষ্যে মাঠপর্যায়ে গিয়ে সীমান্তের পরিস্থিতি সরাসরি দেখা হচ্ছে। সীমান্তবর্তী বাসিন্দাদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, কারও অবৈধভাবে আসা-যাওয়ার খবর পেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিলে অবৈধ যাতায়াত বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষাব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনের কার্যক্রম দেখতে এদিন কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। সকালে তিনি কুমিল্লা সেক্টর সদর দপ্তরে গিয়ে সেখানকার সীমান্ত নজরদারি ও অপারেশনাল কার্যক্রমের খোঁজ নেন।
পরে তিনি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন পরশুরাম সীমান্তে বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) ঘুরে দেখেন। এরপর সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন আখাউড়া আইসিপি ও আখাউড়া বিওপি পরিদর্শন করেন। সেখানে তিনি সার্বক্ষণিক নজরদারি ও টহল বাড়ানো, অবৈধ অনুপ্রবেশসহ আন্তঃসীমান্ত অপরাধ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকা এবং স্পর্শকাতর এলাকায় বিশেষ নজর রাখার নির্দেশনা দেন।
আরও পড়ুন: সীমান্তে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন